খাগড়াছড়িতে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত
খাগড়াছড়ি প্রতিনিধি।। ‘’দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে রামগড় উপজেলার বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে শুরু হয় পাঁচ কিলোমিটার ম্যারাথন। নির্ধারিত টি-শার্ট ও ক্যাপ পরে বিভিন্ন বয়স ও পেশার অংশগ্রহণকারীরা বলিপাড়া থেকে খাগড়াবিল পর্যন্ত ম্যারাথন দৌড়ে অংশ নেন তিন শতাধিক মানুষ।
ম্যারাথনে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ঢাকা থেকে আগত জাতীয় অ্যাথলেটিক্স প্রশিক্ষক ইমাজ উদ্দিন এবং খাগড়াছড়ির অ্যাথলেটিক্স প্রশিক্ষক জীবন ত্রিপুরা।
আয়োজকরা জানান, তরুণদের মাদক থেকে দূরে রাখতে, খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
ম্যারাথন শেষে বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
এতে প্রথম স্থান অধিকার করেন, মো. মেহেদী হাসান।
হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল হক মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ, গত ১৫ থেকে ২৫ জুলাই পর্যন্ত বিনামূল্যে নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন বয়সী ও শ্রেণি-পেশার ৩ শতাধিক দৌড়বিদ এ ম্যারাথনে অংশগ্রহণ করেন।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































